• 04 Feb, 2026

“স্বপ্ন বা ফাঁকা স্লোগান নয়, বাস্তব পরিকল্পনায় ঐতিহ্যের পুরান ঢাকা গড়ার অঙ্গীকার—ঢাকা-৭ এ ট্রাক প্রতীকে মো: ছালাহ উদ্দিন (টিটু)”

“স্বপ্ন বা ফাঁকা স্লোগান নয়, বাস্তব পরিকল্পনায় ঐতিহ্যের পুরান ঢাকা গড়ার অঙ্গীকার—ঢাকা-৭ এ ট্রাক প্রতীকে মো: ছালাহ উদ্দিন (টিটু)”

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-৭ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শক্ত প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী, ট্রাক প্রতীকে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মোহাম্মদ ছালাহ উদ্দিন (টিটু)।

এক রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, পুরান ঢাকা কেবল একটি জনপদ নয়—এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। এখানে একটি পক্ষ অবাস্তব স্বপ্ন দেখাচ্ছে, আরেকটি পক্ষ জান্নাতের টিকিট বিক্রির রাজনীতিতে ব্যস্ত; কিন্তু গণ অধিকার পরিষদ বিশ্বাস করে, বাস্তবসম্মত, জনগণকেন্দ্রিক ও টেকসই পরিকল্পনার মাধ্যমেই পুরান ঢাকাকে সত্যিকার অর্থে নতুনভাবে গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, পুরান ঢাকায় যারা অতীতে এমপি নির্বাচিত হয়েছেন, তাদের বড় একটি অংশ সাধারণ মানুষকে নাগরিক হিসেবে নয়, বরং নিজেদের অধীনস্ত হিসেবে দেখেছেন এবং সর্বদা কর্তৃত্ববাদী শাসন কায়েম করার চেষ্টা করেছেন। এই রাজনীতির অবসান ঘটিয়ে গণ অধিকার পরিষদ চায় অংশগ্রহণমূলক উন্নয়ন। জনগণের সঙ্গে আলোচনা করে, মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিটভিত্তিক ও ওয়ার্ডভিত্তিক উন্নয়ন বাস্তবায়নই হবে তাদের মূল নীতি। ক্ষমতার প্রদর্শন নয়, বরং মানুষের প্রয়োজন ও সম্মানকে প্রাধান্য দিয়েই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
ছালাহ উদ্দিন (টিটু) তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, পুরান ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের জন্য আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত ও কার্যকর ড্রেনেজ সিস্টেম, চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলার পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য। একই সঙ্গে মাদক সমস্যাকে দমনমূলক নয়, মানবিক দৃষ্টিভঙ্গিতে মোকাবিলা করে কাউন্সেলিং ও পুনর্বাসনের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন। এছাড়া প্রতিটি ইউনিট ও ওয়ার্ডে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি আরও বলেন, উন্নয়ন মানেই কংক্রিটের নগরী নয়; আমাদের লক্ষ্য হবে পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও স্বকীয়তা অক্ষুণ্ন রেখে কীভাবে পরিকল্পিত নগরায়ন সম্ভব, সেই পথ তৈরি করা। এ লক্ষ্যে তিনি দল-মত নির্বিশেষে পুরান ঢাকার সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে গঠনমূলক পরামর্শ দেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার ভাষায়, “পুরান ঢাকার উন্নয়ন কোনো একক ব্যক্তি বা দলের পক্ষে সম্ভব নয়—এটি সম্ভব হবে জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই।”
শেষে তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, “আমাদের ঐতিহ্যের ঢাকা, আমাদের ঐতিহ্যের পুরান ঢাকা—এই শহরকে আমরা ক্ষমতার রাজনীতিতে নয়, মানুষের ভালোবাসা, অংশগ্রহণ ও বাস্তব পরিকল্পনার মাধ্যমে আমাদের মনের মতো করে গড়ে তুলব।”