নড়াইল প্রতিনিধি : ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘একটি গাছ, একটি প্রাণ—সবুজ পৃথিবী হোক সবার দান’ এবং ‘আজকের চারা, আগামী দিনের অক্সিজেন ও ছায়া’সহ পরিবেশবিষয়ক বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড বহন করে।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতানা বেগম, শিক্ষক হাবিবুর রহমান এবং শিক্ষার্থী ফারিয়া সুলতানা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সফল করতে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার দায়িত্ব নিতে হবে। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।