নড়াইলকণ্ঠ ডেস্ক: ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৯ জুলাই) সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১১ এর সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী।
বিদ্যালয়ে পৌঁছালে লোহাগড়াবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে বিদ্যালয় চত্বরে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করেন নিপুন রায় চৌধুরী। এ সময় পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নড়াইল-১ আসনের বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ, জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা।