নড়াইলকণ্ঠ: নড়াইলের বিছালী ইউনিয়নের জামায়াত নেতা ও একটি কয়লা কারখানার মালিক হাসিবুর মোল্যা দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বর্ণির মোড় এলাকায় নিজের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে হাসিবুর মোল্যা অভিযোগ করেন, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমান ও দৈনিক স্বাধীন দেশ পত্রিকার প্রতিনিধি রাসেল হুসাইন তার কারখানায় যান। তার দাবি অনুযায়ী, এই দুই সাংবাদিক কারখানার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। হাসিবুর মোল্যা আরও বলেন, তিনি টাকা দিতে অস্বীকার করলে ওই দুই সাংবাদিক পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) আবার আসার কথা জানিয়ে যান। অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে তারা পুনরায় তার কার্যালয়ে গিয়ে চাঁদা দাবির পুনরাবৃত্তি করেন। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওই দুই সাংবাদিককে আটক করে বিছালী পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। হাসিবুর মোল্যার ভাষ্যমতে, পরবর্তীতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমা প্রার্থনা করলে তাদের ছেড়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে হাসিবুর মোল্যা চাঁদা দাবির সমর্থনে প্রমাণ উপস্থাপন করেন এবং প্রশাসন, সাংবাদিক মহলসহ সমাজের সবার প্রতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি রাসেল হুসাইন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা অবৈধ কয়লা কারখানা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন, যা প্রকাশ ঠেকাতে তাদের ম্যানেজ করার চেষ্টা করা হয়। সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরই তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে বলে তিনি দাবি করেন। সময় টিভির প্রতিনিধি সজিব রহমান ও সংশ্লিষ্ট সাংবাদিকদের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, নিজের কারখানার অনিয়ম ঢাকতে এবং স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করতেই এই মনগড়া অভিযোগ সাজানো হয়েছে। তারা এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নড়াইলে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার সংশ্লিষ্টদের
- নড়াইলের বিছালী ইউনিয়নে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত নেতা ও কয়লা কারখানার মালিক হাসিবুর মোল্যা।
- মঙ্গলবার বর্ণির মোড়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি সময় টিভির জেলা প্রতিনিধি সজিব রহমান ও দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি রাসেল হুসাইনের বিরুদ্ধে অভিযোগ আনেন।
- তবে অভিযুক্ত সাংবাদিকরা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে পাল্টা প্রতিবাদ জানিয়েছেন।