নড়াইলকণ্ঠ : নড়াইলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথমবার জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভাটি জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে আয়োজিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি সরকারি কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, কোনো কর্মকর্তা যদি ব্যক্তিগত প্রতিশ্রুতি বা পূর্ববর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারকে ব্যর্থ বা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন সতর্কবার্তা দেন তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান।
সভায় পরিবেশ সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে এর ব্যবহার বন্ধে সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। মাদকের বিস্তার রোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার পরামর্শ দেন। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়
এর আগে মঙ্গলবার রাতে নড়াইলে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ ফরিদুল ইসলাম। সেখানে তিনি ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন। দলের প্রতি তাদের ভালোবাসা ও রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় জামায়াত ও এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য ও সমালোচনা উঠে আসে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক ও নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক। সভাটি মধ্যরাত পর্যন্ত চলে।
এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, দলীয় বিভক্তি নিরসন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন।