নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার রাত ১২টার দিকে নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত মোল্যার বয়স ৩৮ বছর। তিনি ওই গ্রামের মকিদুল মোল্যার ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদক বেচাকেনাকে কেন্দ্র করে একই গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪ থেকে ৫ জনের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আরাফাতের বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে।
তবে পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।