নড়াইলকণ্ঠ : বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে নড়াইল সার্কিট হাউজে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী এবং জেলা তথ্য অফিসার।
প্রশিক্ষণ কর্মশালায় গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা, পেশাগত নৈতিকতা এবং দায়িত্ব-কর্তব্যের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
রিসোর্স পার্সন মো. আব্দুস সবুর সাংবাদিকদের পেশাগত অধিকার, নৈতিকতা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সাংবাদিকতার ক্ষেত্রে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ভূমিকা, কার্যক্রম এবং সাংবাদিকদের জন্য এর গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেন।
কর্মশালায় সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। অপপ্রচার ও অপসাংবাদিকতার কারণে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজে যে নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।
আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টদের কাছে সাংবাদিকদের বিভিন্ন বিষয় ও প্রত্যাশা তুলে ধরে তারা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কর্মশালায় নড়াইল জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।