বিজ্ঞাপন

নড়াইলে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, কিশোরসহ দুজন পুলিশ হেফাজতে

  • নড়াইল সদর উপজেলায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।
  • শিশুটিকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্যাতনের পর সর্বশেষ সোমবারও ঘটনা ঘটে।
নড়াইলে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, কিশোরসহ দুজন পুলিশ হেফাজতে
শিশুটিকে হাসপাতালে ভর্তি; অভিযোগের তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান

নড়াইলকণ্ঠ : নড়াইল সদর উপজেলায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শারীরিক অসুস্থতার কারণে ভুক্তভোগী শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুর স্বজনদের অভিযোগ, গত রমজান মাস থেকে অভিযুক্ত কিশোর বিভিন্ন সময়ে শিশুটির সঙ্গে এ ধরনের আচরণ করে আসছিল। সর্বশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসার পাশের একটি স্থানে নিয়ে শিশুটির ওপর জোরপূর্বক যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তারা।

স্বজনদের দাবি, ঘটনাটি মাদ্রাসার এক শিক্ষক জানতে পারেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শিশুটির শরীরে ব্যথা শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এরপর বুধবার বিকেলে তার মা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন