বিজ্ঞাপন

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

  • নড়াইলের কালিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
  • বুধবার সকালে কলাবাড়িয়া এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন।
  • আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে হাসানের মৃত্যু হয়।
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
কালিয়ায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১১ জন গুলিবিদ্ধ; এলাকায় থমথমে পরিস্থিতি, মোতায়েন পুলিশ

নড়াইলকণ্ঠ : নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসান শেখ উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সোহেল মেম্বার গ্রুপ ও আবেদ শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কলাবাড়িয়া এলাকায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে গুলিবিদ্ধ হাসান শেখ মারা যান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী হাসান শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন