নড়াইলকণ্ঠ : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বর্তমান সংকট নিরসন, ব্যাংক পরিচালনায় একচ্ছত্র সিদ্ধান্তের অবসান এবং দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক নড়াইল শাখার সামনে ব্যাংক গ্রাহকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে ব্যাংকের গ্রাহকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে দেশের বিপুলসংখ্যক গ্রাহকের আর্থিক স্বার্থ জড়িত। তাই ব্যাংকের বর্তমান সংকট দ্রুত নিরসন করে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
মানববন্ধনে ব্যাংক গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন হাফিজুর রহমান, আবিদুর রহমান বাবু, মাওলানা রেজাউল ইসলাম ও অধ্যক্ষ মাকছুদুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের হারানো ঐতিহ্য ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের ভিত্তিতে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন। তাঁদের দাবি, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা সাধারণ গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা এবং বর্তমান সংকট দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।