ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে বুধবার (২৪ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর উদ্যোগে আর বি এফ এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সচেতনতামূলক সভা ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৩০০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা ও উপধারার ব্যাখ্যা তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন ভোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি বলেন, বৃক্ষ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বায়ুদূষণ কমায় এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অধিক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নির্বিচারে বৃক্ষনিধনের ফলে পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা, নদীভাঙন ও পরিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। এসব সংকট মোকাবিলায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে আরও বক্তব্য দেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান এবং সমাজসেবক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সেক্রেটারি নাঈমুর রহমান।
বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই দায়িত্ব রয়েছে। সচেতনতা ও নিয়মিত চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে ন্যায়সঙ্গত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য স্বপ্না রানী রায়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এনটিভি প্রতিনিধি মুনীর চৌধুরী, আশিকুর রহমান সৌরভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।