বিজ্ঞাপন

ভবন নির্মাণ ও বিচারক নিয়োগের দাবিতে নড়াইলে মানববন্ধন

  • নড়াইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ, জেলা জজসহ বিভিন্ন আদালতের শূন্য পদে বিচারক নিয়োগ এবং আইনজীবী কল্যাণ তহবিলে কোর্ট ফির অংশ প্রদানসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
  • বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত চত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
  • বক্তারা বলেন, বিচারক সংকট ও অবকাঠামোগত দুর্বলতার কারণে বিচারপ্রার্থী মানুষ ন্যায়বিচার পেতে বিলম্বের শিকার হচ্ছেন।
ভবন নির্মাণ ও বিচারক নিয়োগের দাবিতে নড়াইলে মানববন্ধন
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলকণ্ঠ : নড়াইল জেলায় বিচার বিভাগীয় অবকাঠামো উন্নয়ন ও বিচারক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বুধবার সকাল ১০টার দিকে আদালত চত্বর সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা জানান, দীর্ঘদিন ধরে জেলায় স্থায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ভবন না থাকায় আদালতের কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। পর্যাপ্ত কক্ষ ও সুযোগ-সুবিধার অভাবে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থী মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

বক্তারা আরও বলেন, জেলা জজসহ বিভিন্ন আদালতে বিচারকের একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় মামলার জট ক্রমেই বাড়ছে। এতে বিচারপ্রার্থীরা দ্রুত বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে শূন্য পদগুলোতে যোগ্য বিচারক নিয়োগের দাবি জানান।

বিজ্ঞাপন

এছাড়া আইনজীবীদের দীর্ঘদিনের আরেকটি দাবি তুলে ধরে বক্তারা বলেন, আদালতের কোর্ট ফির একটি নির্দিষ্ট অংশ আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের দাবি, এ অর্থ আইনজীবীদের পেশাগত কল্যাণ ও সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধনে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আজিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইস্রাফিল খবির (রাজু)সহ জেলা বারের বিভিন্ন আইনজীবী উপস্থিত ছিলেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন