বিজ্ঞাপন

টিকটক কমেন্টের বিরোধে নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষ

  • নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে টিকটকে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
  • শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
  • আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিকটক কমেন্টের বিরোধে নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষ
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলকণ্ঠ :  নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে টিকটকে মন্তব্য (কমেন্ট) করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রতডাঙ্গা গ্রামের মল্লিকপাড়ার বাসিন্দা মন্নু মোল্যার ছেলে আশরাফুল এবং উত্তরপাড়ার বাসিন্দা কবির ফকিরের ছেলে মিজানের মধ্যে টিকটকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বাকবিতণ্ডা চললেও পরে তা সরাসরি মুখোমুখি সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের দাবি, ব্যক্তিগত এই বিরোধ ধীরে ধীরে দুই এলাকার মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়। একপর্যায়ে মল্লিকপাড়া ও উত্তরপাড়ার লোকজন দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, টিকটকে মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন