স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের পরম পূজনীয় ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখা, নড়াইল জেলা সনাতনী ফোরাম এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন কয়েকশ সনাতন ধর্মাবলম্বী ও সচেতন নাগরিক। কর্মসূচিতে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট হিন্দু ধর্মীয় নেতা অশোক কুমার কুন্ডু, দিলীপ অধিকারীসহ স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। একটি মহল পরিকল্পিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং বিভিন্ন স্থানে দেবালয় ও মন্দির ধ্বংসের হুমকি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননা এবং মন্দির ভাঙার হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।