ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নড়াইল প্রেসক্লাব।
বুধবার (২৪ জুন) সকালে শহরের আদালত সড়কে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার কর্মরত সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা দিন দিন বেড়ে চলেছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য গভীর উদ্বেগের বিষয়। সংবাদ সংগ্রহ ও তথ্য পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বারবার হামলার শিকার হওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করেন। তাই সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
মানববন্ধন থেকে সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এসময় বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান এবং সাংবাদিক আল আমিন।
বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।