বিজ্ঞাপন

রূপান্তরের বার্ষিক সভায় শান্তি-সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশের তাগিদ

  • বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেছেন, দেশের উন্নয়ন, শান্তি-সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
  • পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কার্যক্রম পরিচালনায় রূপান্তরকে নতুন কৌশল গ্রহণের আহ্বান জানান তারা।
  • বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেছেন, দেশের উন্নয়ন, শান্তি-সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কার্যক্রম পরিচালনায় রূপান্তরকে নতুন কৌশল গ্রহণের আহ্বান জানান তারা।
রূপান্তরের বার্ষিক সভায় শান্তি-সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশের তাগিদ
ছবি: নড়াইল কণ্ঠ

খুলনা মহানগরীর শিরীষনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার জাতীয় সংগীতের মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের বার্ষিক সাধারণ সভার সূচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের চেয়ারপারসন ও উন্নয়ন গবেষক, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন মঞ্জু। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসেনুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সংস্থার বার্ষিক কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন রূপান্তরের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সংস্থার কোষাধ্যক্ষ ও অপর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মোহাম্মদ আলী খান।

বিজ্ঞাপন

সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কাজী হাফিজুর রহমান, সরদার আব্দুল লতিফ, আব্দুস সবুর বিশ্বাস, নাছরিন সুলতানা লিমা, রুকসানা পারভীন, লিপিকা দাস গুপ্তা, কে এম কামরুজ্জামান, ফ্রান্সিস সুদান হালদার, দান কুমারী, শেখ মামুনুল হাসান নাজু, প্রতিভা বিশ্বাস ও মর্জিনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সংস্থার আর্থিক প্রতিবেদন ও নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথির বক্তব্য দেন উন্নয়নকর্মী রকিবুল আলম টুটুল। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন রফিকুল ইসলাম খোকন।

বক্তারা বলেন, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও বিশ্বব্যাপী যে পরিবর্তন সূচিত হয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে অনেক বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষে সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে।

তারা বলেন, বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে রূপান্তরকেও নতুন কৌশল গ্রহণ করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে কার্যক্রমকে আরও সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মো. হোসেনুর রহমান বলেন, রূপান্তর একটি জাতীয় উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করছে এবং প্রতিষ্ঠানটির কাছে সরকার ও সমাজের মানুষের প্রত্যাশা অনেক। স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণেই রূপান্তর আজকের অবস্থানে পৌঁছেছে।

তিনি দেশে ও বিদেশে রূপান্তরের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, বর্তমান পরিস্থিতিতে রূপান্তরের মতো বেসরকারি উন্নয়ন সংস্থার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। যোগ্য নেতৃত্ব যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করে সংস্থাটিকে স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রূপান্তর ভবিষ্যতেও একইভাবে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করেন প্রধান অতিথি।

বিজ্ঞাপন