বিজ্ঞাপন

প্রতিবন্ধী আনোয়ার হত্যা: পলাতক আসামি আকাশ গ্রেফতার

  • নড়াইলে বুদ্ধিপ্রতিবন্ধী আনোয়ারকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
  • এ মামলার পলাতক আসামি আকাশ বিশ্বাসকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
  • এদিকে সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ অব্যাহত রয়েছে।
প্রতিবন্ধী আনোয়ার হত্যা: পলাতক আসামি আকাশ গ্রেফতার
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলকণ্ঠ: নড়াইলে বুদ্ধিপ্রতিবন্ধী আনোয়ারকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে দীর্ঘ সময় ধরে নির্যাতনের পর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি আকাশ বিশ্বাস (২৫)-কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার নারকেলবাড়িয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে আকাশ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি খাটের নিচে লুকিয়ে ছিলেন বলে জানানো হয়েছে। তিনি মামলার চার নম্বর আসামি এবং ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৪ জুন সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের বাসিন্দা বুদ্ধিপ্রতিবন্ধী আনোয়ার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে সদর উপজেলার গোবরা মালোপাড়ায় তাকে চোর সন্দেহে কয়েকজন গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পরদিন সকালে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই সকালে তার মৃত্যু হয়। পরে নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এ ঘটনার পর নিহতের ভাই নবীর হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জড়িত সকল আসামির গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে একজন বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তির ওপর এমন নির্যাতনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার ভবিষ্যতে গণপিটুনি ও বিচারবহির্ভূত সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন