বিজ্ঞাপন

পাওনা ১৮ হাজার টাকা চাইতে গিয়ে খুন রাজমিস্ত্রি

  • লোহাগড়ার কুমারডাঙ্গায় নৃশংস হামলা; ধার…
  • ওয়া টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে কুপিয়ে…
  • হত্যা, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান
পাওনা ১৮ হাজার টাকা চাইতে গিয়ে খুন রাজমিস্ত্রি
ছবি: নড়াইল কণ্ঠ

স্টাফ রিপোর্টার : নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছেন আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রি। 

শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির উপজেলার কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রের দাবি, কয়েক মাস আগে ধার দেওয়া ১৮ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে আলিনুর ফকিরকে ডেকে নেয় অভিযুক্ত রাজিব শেখ ও তার সহযোগীরা। নির্ধারিত স্থানে পৌঁছানোর পর ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবার জানায়, গত রমজান মাসে একই গ্রামের রাজিব শেখের কাছে ব্যক্তিগত প্রয়োজনের জন্য ১৮ হাজার টাকা ধার দিয়েছিলেন আলিনুর ফকির। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের আশ্বাস দিলেও রাজিব তা পরিশোধ করছিলেন না। শনিবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা জানিয়ে আলিনুরকে দেখা করতে বলেন তিনি।

নিহতের বড় ভাই আমিনুর ফকির জানান, শনিবার রাতে দুই ভাই একসঙ্গে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা রাজিব শেখ ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আলিনুরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলিনুরকে উদ্ধার করেন। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজিৎ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনেও তদন্ত অব্যাহত রয়েছে।
 

বিজ্ঞাপন