সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম লেখা ও ওজনে ঘাটতির দায়ে নড়াইল সদরের লস্করপুর (আউড়িয়া চৌরাস্তা) এলাকায় অবস্থিত ‘জারা’ ব্র্যান্ডের সয়াবিন তেলের প্যাকেজিং প্রতিষ্ঠান এ, জে কনজুমারস প্রোডাক্টস–কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) অনুযায়ী আধা লিটার বোতলের দাম ৯৮ টাকা, ১ লিটার ১৯৯ টাকা এবং ২ লিটার ৩৯৮ টাকা থাকার কথা। কিন্তু প্রতিটি বোতলে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্য লেখা ও সেই দামে বাজারজাতের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া আধা লিটার বোতলে ২১ গ্রাম এবং ১ লিটার বোতলে ৩১ গ্রাম তেল কম দেওয়া হচ্ছিল বলে নিশ্চিত হয় ভ্রাম্যমাণ টিম। একই প্রতিষ্ঠানে পূর্বেও একই ধরনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী পরিচালক শামীম হাসান বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি মূল্য নিলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না।