বিজ্ঞাপন

নড়াইলে পুকুরে ডুবে সহোদর দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ ভাটিয়া গ্রাম

  • স্টাফ রিপোর্টারঃ নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • বুধবার সকালে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে প্রাণ হারায় আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২)।
  • এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নড়াইলে পুকুরে ডুবে সহোদর দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ ভাটিয়া গ্রাম
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন ভাই। তারা হলো ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের ছেলে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই। এ সময় তাদের মা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের ঘাটে চলে যায়। অসাবধানতাবশত একজন পানিতে পড়ে গেলে অপর ভাই তাকে উদ্ধার করতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে সন্তানদের দেখতে না পেয়ে তাদের মা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরের দিকে গিয়ে তিনি দুই শিশুর নিথর দেহ দেখতে পান। এ দৃশ্য দেখে তার বুকফাটা আহাজারিতে ছুটে আসেন প্রতিবেশীরা।

বিজ্ঞাপন

পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত দুই শিশুকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

দিনমজুর মাজেদুল শেখের দুই শিশুপুত্রের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো ভাটিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। ফুটফুটে দুই শিশুর এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ।

স্থানীয় সচেতন মহল এ ঘটনার পর শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বাড়ির আশপাশে থাকা পুকুর ও অন্যান্য জলাশয়ের কাছে শিশুদের একা যেতে না দেওয়ার পাশাপাশি তাদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন তারা।

বিজ্ঞাপন