নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটরন)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনের পর তিনি প্রকল্পের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত কার্যক্রম ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি নড়াইলের উপপরিচালক কৃষিবিদ আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, অন্যান্য জেলার তুলনায় নড়াইলের জলবায়ু ও পরিবেশ তিন ও চার ফসলি চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী। জেলায় খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত রয়েছে এবং এখানকার পানির গুণগত মানও কৃষি উৎপাদনের অনুকূলে।
তিনি আরও বলেন, উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের অভাবে কৃষকরা অনেক সময় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন এবং উৎপাদনে আগ্রহ হারান। কৃষকদের মধ্যে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি ও কারিগরি জ্ঞান সম্প্রসারণ করা গেলে তারা আরও বেশি উৎপাদনে উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা ও ভ্যালু অ্যাডেড কৃষি পণ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন, কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দুর্নীতিমুক্ত থেকে কৃষকদের সেবায় আন্তরিক হতে হবে। কৃষকদের কাছ থেকে যেন কোনো অভিযোগ না আসে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান বলেন, ১৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে সমন্বিত (হোলিস্টিক) পদ্ধতিতে কৃষি বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে। দিনব্যাপী এ কর্মসূচিতে মাঠপর্যায়ের পার্টনার সদস্যদের অংশগ্রহণে জ্ঞান বিনিময় ও অভিজ্ঞতা শেয়ারিং কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে শতাধিক পার্টনার ও নন-পার্টনার সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া নড়াইল-১ ও নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্যদের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।