বিজ্ঞাপন

নড়াইলে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগ

  • নড়াইল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হানের বিরুদ্ধে প্রদর্শনী খামার দেওয়ার নামে অর্থ গ্রহণ, মারধর, মোবাইল ভাঙচুর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং পরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জিসানুর রহমান।
  • তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
  • নড়াইল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হানের বিরুদ্ধে প্রদর্শনী খামার দেওয়ার নামে অর্থ গ্রহণ, মারধর, মোবাইল ভাঙচুর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং পরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জিসানুর রহমান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নড়াইলে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগ
ছবি: নড়াইল কণ্ঠ

স্টাফ রিপোর্টার : নড়াইল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হানের বিরুদ্ধে প্রদর্শনী খামার দেওয়ার নামে অর্থ গ্রহণ, মারধর, অর্থ আত্মসাৎ এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জিসানুর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নড়াইল সদর উপজেলার বল্লাটোপ গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে জিসানুর রহমান অভিযোগ করেন, তিনটি ইউনিয়নে চারটি প্রদর্শনী খামার দেওয়ার আশ্বাস দিয়ে মৎস্য কর্মকর্তা আবু রায়হান অফিস খরচের কথা বলে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা গ্রহণ করেন। তবে পরে মাত্র একটি প্রদর্শনী খামার প্রদান করে বাকি অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

জিসানুর রহমান আরও জানান, গত রোববার (২৮ জুন) বাকি টাকা ফেরত চাইতে মৎস্য অফিসে গেলে আবু রায়হান ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে কর্মকর্তা এবং তাঁর অফিসের স্টাফ তকদির, দীপু ও জামশেদ তাঁকে মারধর করেন। এ সময় তাঁর মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, ঘটনাটি ধামাচাপা দিতে তাঁর বিরুদ্ধেই পরবর্তীতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

জিসানুর রহমান বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি অভিযোগ করেন, সরকারি দপ্তরে সাধারণ মানুষ ঘুষ ও দুর্নীতির শিকার হচ্ছেন এবং এর প্রতিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনের পর অভিযোগের বিষয়ে অভিযুক্ত নড়াইল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হানের বক্তব্য জানতে তাঁর কার্যালয়ে গেলে অফিসে তালা ঝুলতে দেখা যায়। সেখানে উপস্থিত অফিসের এক কর্মকর্তা জানান, ঘটনার দিন কী ঘটেছিল সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারবেন না। ফলে এ বিষয়ে অভিযুক্ত মৎস্য কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন