নড়াইলকণ্ঠ : নড়াইল সদর উপজেলার ২নং হবখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।
তিনি বলেন, সমাজে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন। প্রশাসন ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে নড়াইল জেলাকে মাদকমুক্ত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন হবখালী কলেজের অধ্যক্ষ বুলবুল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান ও সাবেক চেয়ারম্যান বাদশা মোল্লা।
বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার কার্যক্রম সম্পন্ন হয়।