স্টাফ রিপোর্টার : নড়াইলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রীষ্মকালীন সবজির উৎপাদন বৃদ্ধি এবং সামাজিক বনায়নকে আরও সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে উফশী ও হাইব্রিড জাতের বীজ, রাসায়নিক সার, গাছের চারা, জৈব সার এবং চারা সংরক্ষণের জন্য বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। এসব উপকরণ কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি আনুষ্ঠানিকভাবে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকেরা যাতে সময়মতো আধুনিক কৃষি উপকরণ পেয়ে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে পারেন, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, নড়াইলের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, সে লক্ষ্যে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে জৈব সার ও বাঁশের খুঁটিও সরবরাহ করা হচ্ছে, যা পরিবেশ ও অর্থনীতি উভয়ের জন্যই ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলোক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ তুলে দেন। সরকারি এ সহায়তা পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এসব উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।