স্টাফ রিপোর্টার : ইসলামের মহান আদর্শ প্রচার, আলেম-ওলামা ও ইমামদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং ইমামদের সম্মান ও অধিকার সুরক্ষার লক্ষ্যে নড়াইলে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়।
ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান এবং নড়াইল জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মো. জাকারিয়া।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজে ইসলামের প্রকৃত শিক্ষা ও মানবকল্যাণমূলক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিভ্রান্তি, কুসংস্কার ও অপসংস্কৃতি দূরীকরণে ইমাম সমাজ কার্যকর ভূমিকা পালন করতে পারে।
তারা আরও বলেন, যৌতুক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে মসজিদভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে ইমামদের নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী করা প্রয়োজন।
বক্তারা জানান, ইমামদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ধর্মীয় নেতৃত্বের উৎকর্ষ সাধনে বাংলাদেশ সরকার ও ইসলামিক ফাউন্ডেশন নিয়মিতভাবে জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সম্মেলনের আয়োজন করে থাকে।
সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের প্রায় ২০০ জন ইমাম অংশগ্রহণ করেন।