নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার গোপিনাথপুর গ্রামে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় গুরুতর আহত হন রুবেল শেখ (২৮) নামে এক ভাংড়ি ব্যবসায়ী। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তার ক্ষতস্থানে আটটি সেলাই দেন।
আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি স্ত্রী আদরী বেগমকে নিয়ে লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত আদরী বেগম (২০) ওই গ্রামের বাদলের মেয়ে।
ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়, বিশেষ করে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী বুকের ওপর বসে ধারালো ব্লেড জাতীয় বস্তু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন।
তিনি জানান, আকস্মিক হামলায় ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে বাড়ির অন্য সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা ক্ষতস্থানে আটটি সেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
রুবেল শেখ আরও বলেন, এ ঘটনার বিচার চেয়ে তিনি স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করবেন।
এদিকে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নড়াইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক, ক্ষতস্থানে ৮টি সেলাই
- নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
- আহত রুবেল শেখকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তার ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া হয়।
- অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।