বিজ্ঞাপন

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবসে সচেতনতা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান

  • ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
  • দিবসটি উপলক্ষে আলোচনা সভা, জনসংখ্যা ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা কর্মকর্তা, মাঠকর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
  • অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।
নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবসে সচেতনতা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান
ছবি: নড়াইল কণ্ঠ

স্টাফ রিপোর্টার : ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, জনসচেতনতামূলক কর্মসূচি এবং শ্রেষ্ঠ মাঠকর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

রবিবার (১২ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক আলিফ নূর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান এবং পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার সেন।

বিজ্ঞাপন

এছাড়া বক্তব্য দেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাবিব, নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার নুসরাত জাহান, পরিবার কল্যাণ পরিদর্শিকা রোজিনা খাতুন এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জুয়েল ভূঁইয়াসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা।
বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে বোঝা হিসেবে না দেখে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। এজন্য তরুণদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, পরিকল্পিত পরিবার গঠন এবং জনসংখ্যা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, সুখী, সমৃদ্ধ ও পরিকল্পিত পরিবার গঠনে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা, মাঠকর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন