নড়াইলকণ্ঠ: শিশুর জীবনের সুরক্ষা ও মানবাধিকার লঙ্ঘন করে নড়াইলে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশি অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
প্রেস রিলিজ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যায় নড়াইল সদর থানার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ওরফে জান্নাতিকে একা পেয়ে নিজ ঘরে নিয়ে যায় একই এলাকার আতিয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম (৩০)। সেখানে সে শিশুটিকে পাশবিকভাবে নির্যাতন ও ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা খোজাখুজির একপর্যায়ে অভিযুক্ত রবিউলের বসতঘর থেকে কাথা দিয়ে মোড়ানো রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১৮:৪৫ ঘটিকায় জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর খুলনা রেঞ্জের ডিআইজির সার্বিক তত্ত্বাবধানে এডিশনাল ডিআইজি ও নড়াইলের পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশি অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনগণ ও সাংবাদিকদের তথ্যের সহায়তায় ২১ জুলাই সকাল ০৯:১৫ ঘটিকায় দত্তপাড়া এলাকা থেকে অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে পুলিশ।
মানবাধিকার সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশুদের নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রক্রিয়া আইনগতভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে। বর্তমানে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে।