গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নড়াইলের উপপরিচালকের নির্দেশে শনিবার (২৩ মে) নড়াইল সদর উপজেলার চামরুল (উত্তর পাড়া) এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক কারবারের অভিযোগে শুকুরোন (৫৭) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি চামরুল (উত্তর পাড়া) গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ফেন্সিডিল জাতীয় কোডিন মিশ্রিত “WINCEREX” ব্র্যান্ডের ৩৫ বোতল মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় নুর মিয়া (৬৪) নামে আরও এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ১৪(খ) ধারায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।