স্টাফ রিপোর্টার: নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ নড়াইল সদর উপজেলা মডেল মসজিদে দীর্ঘদিন ধরে চলমান নানা অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং মুসল্লিদের প্রতি অবজ্ঞাসূচক আচরণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লীরা। রোববার (২৬ জুলাই) বিকেলে মসজিদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া মুসল্লীদের অভিযোগ, মডেল মসজিদটিতে নিয়মিত ও নির্ধারিত সময়ে ফজরের জামাত অনুষ্ঠিত হয় না। অধিকাংশ দিনই ফজরের নামাজের সময় প্রধান ফটক তালাবদ্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা এবং স্থানীয় অনেক মুসল্লি জামাতে অংশ নিতে পারেন না। তাদের ভাষ্য, এটি শুধু দায়িত্বে অবহেলাই নয়, বরং মুসল্লিদের ধর্মীয় অধিকার ও অনুভূতির প্রতি চরম অবজ্ঞার শামিল।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, দায়িত্বে থাকা খাদেম ও মুয়াজ্জিনের আচরণ, দায়িত্ব পালন এবং নৈতিকতা নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। তাদের দাবি, মুসল্লিদের সঙ্গে সম্মানজনক আচরণের পরিবর্তে অবহেলা ও অসহযোগিতার মনোভাব প্রদর্শন করা হয়, যার ফলে সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
এছাড়া প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ মুসল্লিদের জন্য সহজ যাতায়াতের বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে না দেওয়ার অভিযোগও ওঠে। ফলে অনেক বয়স্ক মুসল্লিকে কষ্ট করে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়, যা তাদের জন্য নিয়মিত জামাতে অংশগ্রহণকে কঠিন করে তুলেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিত মডেল মসজিদে এমন দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মুসল্লিবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
এ বিষয়ে ক্ষুব্ধ মুসল্লি ও স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় শৃঙ্খলা, জবাবদিহি ও মুসল্লিদের প্রতি সম্মান নিশ্চিত করা এখন সময়ের দাবি।