স্টাফ রিপোর্টার, নড়াইল: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি, মানবাধিকার সুরক্ষা, কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা ব্যানার ও বিভিন্ন দাবিসম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিযুক্ত রবিউল সিকদার রবির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের কন্যাশিশু জান্নাতুলকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং পরে তাকে হত্যা করা হয়। এ ধরনের বর্বর ও অমানবিক অপরাধ শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের জন্য গভীর হুমকি।
তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, সমাজ ও পরিবারের সম্মিলিত দায়িত্ব। কন্যাশিশুর প্রতি সহিংসতা ও যৌন অপরাধ রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যা ইতিবাচক পদক্ষেপ। তবে বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা যেন না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজর দিতে হবে। দ্রুত তদন্ত শেষ করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে স্বল্পতম সময়ে বিচার সম্পন্ন করার দাবি জানান তারা।
বক্তাদের মতে, শিশু ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হলে আইনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের প্রবণতা কমবে। অন্যথায় অপরাধীরা উৎসাহিত হতে পারে, যা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জান্নাতুল হত্যার সুষ্ঠু, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে নড়াইলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা দেশের প্রতিটি কন্যাশিশুর নিরাপদ শৈশব, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কার্যকর ভূমিকা কামনা করেন।