বিজ্ঞাপন

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে নড়াইলে মানববন্ধন, ধর্ষকদের দ্রুত বিচারের দাবি

  • রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
  • মানবাধিকার ও নারী-শিশু নিরাপত্তার প্রশ্নে আয়োজিত এ কর্মসূচি থেকে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতিই দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়িয়ে দিচ্ছে।
  • রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার ও নারী-শিশু নিরাপত্তার প্রশ্নে আয়োজিত এ কর্মসূচি থেকে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতিই দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়িয়ে দিচ্ছে।
নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে নড়াইলে মানববন্ধন, ধর্ষকদের দ্রুত বিচারের দাবি
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলকণ্ঠ  :রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার ও নারী-শিশু নিরাপত্তার প্রশ্নে আয়োজিত এ কর্মসূচি থেকে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতিই দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়িয়ে দিচ্ছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় নড়াইল প্রেসক্লাবের সামনে বন্ধুসভার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, চিত্রশিল্পী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বন্ধুসভার উপদেষ্টা শুভ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু, জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকারকর্মী কাজী হাফিজুর রহমান, চিত্রশিল্পী ধর্মদাস মল্লিক, বন্ধুসভার সভাপতি প্রীতি রবি দাস, সাধারণ সম্পাদক জান্নাতি খানম এবং সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই’-এর স্বেচ্ছাসেবক রাবেয়া খাতুন প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন কেবল একটি অপরাধ নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। সমাজে আইনের শাসন দুর্বল হয়ে পড়ায় এবং অতীতের অনেক ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।

তারা আরও বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার, কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে এবং সাধারণ মানুষকে বারবার রাজপথে নেমে প্রতিবাদ জানাতে হবে।

মানববন্ধন থেকে নারী ও শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের প্রতি মানবিক সহায়তা এবং আইনি সুরক্ষা নিশ্চিতের দাবি জানান অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন