স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন অংশ নেন।
পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবদুল সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ আল মামুন শিকদার এবং ডা. মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলক মজুমদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজ ও বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করা জরুরি। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।