স্টাফ রিপোর্টার : চোখের চিকিৎসার জন্য আর দূরের শহরে ছুটতে হবে না। নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতেই এখন মিলবে আধুনিক ও বিশ্বমানের চক্ষু চিকিৎসা সেবা। প্রান্তিক মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে অরবিস ইন্টারন্যাশনাল ও খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘পেড়লী ভিশন সেন্টার’। এখানে নামমাত্র খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন ধরনের আধুনিক চক্ষু সেবা পাওয়া যাবে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে কালিয়ার পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ভিশন সেন্টারটির উদ্বোধন করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি এবং নড়াইলের সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফুল ইসলাম।
এ সময় অরবিস ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য এস এ রহমান বাবুল, বিএনএসবি চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মীর মিজানুর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম সাগর, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. শহিদুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. মো. রফিকুল হক বাবলু বলেন, ভিশন সেন্টারে আধুনিক ফান্ডাস ক্যামেরার মাধ্যমে ডায়াবেটিসজনিত রেটিনার রোগ নির্ণয়, রিয়েল-টাইম টেলি-কনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং চোখের বিভিন্ন রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা রাখা হয়েছে।
বিশেষ অতিথি ইকবাল হোসেন জানান, এই কেন্দ্রে বিনামূল্যে কিংবা নামমাত্র খরচে ছানি অপারেশন, চোখের নালি ও মাংস বৃদ্ধির চিকিৎসা, পাওয়ার পরীক্ষা এবং ব্যবস্থাপত্র অনুযায়ী চশমা তৈরির সুবিধা রয়েছে। পাশাপাশি সোলার প্যানেলের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করায় সেবার মান আরও উন্নত হবে।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি বলেন, পেড়লী ভিশন সেন্টার স্থানীয় মানুষের দীর্ঘদিনের চক্ষু চিকিৎসার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি এলাকার স্বাস্থ্যসেবায় একটি মাইলফলক হয়ে থাকবে।
ব্যারিস্টার হাফিজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সমাজসেবক মো. কামাল হোসেন (কিবরিয়া) জানান, লন্ডন প্রবাসী মরহুম ব্যারিস্টার গোলাম হাফিজের পৃষ্ঠপোষকতায় গত প্রায় ১৬ বছর ধরে এখানে চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হয়ে আসছে। বর্তমানে অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতা এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে পেড়লী ভিশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।
আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গড়ে ওঠা এ কেন্দ্রে চোখ পরীক্ষা, চিকিৎসা, চশমা প্রস্তুতসহ প্রয়োজনীয় সব ধরনের সেবা এখন এক ছাদের নিচেই পাওয়া যাবে।