বিজ্ঞাপন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নড়াইলে সমাবেশ

  • গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে নড়াইলে গণমিছিল-পূর্ব সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
  • সমাবেশে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু বলেন, গণরায় বাস্তবায়ন নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি মেনে নেবে না।
  • তিনি জুলাই আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও সংবিধান সংস্কারেরও দাবি জানান।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নড়াইলে সমাবেশ
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলকণ্ঠ : গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নড়াইলে গণমিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নড়াইল জেলা আমির এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোট ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান বাচ্চু বলেন, "গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না। জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।"

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহত শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে দ্রুত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

আতাউর রহমান বাচ্চুর দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে। একই সঙ্গে দলটি সংসদের ভেতরে ও বাইরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরছে।

তিনি আরও দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, সরকার তা উপেক্ষা করে জনগণের মতামতের বিপরীতে অবস্থান নিয়েছে। সরকারের এ অবস্থান গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে রাষ্ট্রীয় সংস্কারের পথ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে জনগণই এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, কালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন