স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের জটিলতা ও নেতৃত্বসংক্রান্ত বিরোধের অবসান ঘটিয়ে অবশেষে অবৈধ দখলমুক্ত হলো নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি। শনিবার (১১ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে অবস্থিত সমিতির কার্যালয়ে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
নতুন কমিটিতে আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন সভাপতি এবং আলী হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সমিতির সদস্য, বাস মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান (বাচ্চু), জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলফিকার আলী।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম নানা জটিলতার মধ্যে পরিচালিত হচ্ছিল। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনটি এখন নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
জানা গেছে, ২০২০ সাল থেকে চলতি বছরের ৯ জুন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অনুমোদন ছাড়াই নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এ সময় আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন এবং পৌর কাউন্সিলর কাজী জহির দলীয় প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট বাস মালিকরা।
এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তারা বিভিন্ন কৌশলে সমিতির নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে।
পরবর্তীতে সমিতির বাস মালিকরা এক সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনকে সভাপতি এবং জেলা বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নড়াইল-১ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসকের সুপারিশের ভিত্তিতে গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নবগঠিত কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়। তবে বিভিন্ন জটিলতা ও অভিযোগে দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হলেও অবশেষে শনিবার অভিষেকের মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
নতুন কমিটির নেতারা বলেন, ভবিষ্যতে সকল বাস মালিককে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করা হবে এবং মালিকদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।