স্টাফ রিপোর্টার, নড়াইল : শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রণব কান্তি অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আইয়ুব হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, ইসলামাবাদ দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা রুহুল আমিন, পাইকমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস মোল্যা এবং মহাবিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অভিভাবক সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সুষ্ঠু ব্যবহার এবং লক্ষ্যনির্ভর প্রস্তুতির মাধ্যমে আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে অতিরিক্ত স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় এবং মোবাইল আসক্তি থেকে দূরে থেকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থী, অভিভাবক, অতিথিবৃন্দ এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।