বিজ্ঞাপন

বাগেরহাটের ডিসি-সিভিল সার্জনের অপসারণ দাবি

  • বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল আহসান ও সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
  • রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
  • দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাগেরহাটের ডিসি-সিভিল সার্জনের অপসারণ দাবি
ছবি: নড়াইল কণ্ঠ

কর্মসূচি থেকে জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার মধ্যে বাগেরহাট ছেড়ে যাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। তা না হলে বড় কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

অন্যদিকে মানববন্ধন চলাকালে জেলা যুবদলের সাবেক সভাপতি হারুণ-অর-রশীদ ও সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে একই দাবিতে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসে। মিছিলকারীরা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের অপসারণ এবং শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ওই দিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, একটি সরকারি সভায় সিভিল সার্জন যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া স্থানীয়রা যে অভিযোগ তুলেছেন সেসবের কোনো ভিত্তি নেই। প্রতিটি বিষয় মন্ত্রণালয়কে জানানো হবে। সেখান থেকে যে নির্দেশনা দিবে সে অনুযায়ী কাজ করা হবে।

বিজ্ঞাপন