• 29 Apr, 2026

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, আপোষে নিষ্পত্তি ৫৫৩ বিরোধ

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, আপোষে নিষ্পত্তি ৫৫৩ বিরোধ

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সরকারি খরচে মামলা পরিচালনা ও বিরোধ নিষ্পত্তির বিভিন্ন তথ্য জানানো হয়।

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিথিরা। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমীর হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

nrailknth-30.jpgনড়াইলের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ এবং পিপি অ্যাডভোকেট আব্দুল হক প্রমুখ।

সভায় জানানো হয়, ২০২৫ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি খরচে ২১২টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ৭৮ জন কারাবন্দীকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে এবং ১৩১ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে।

এছাড়া ৫৫৩টি বিরোধ আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে ১ কোটি ১৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা আদায় করে ভুক্তভোগী বিচারপ্রার্থীদের প্রদান করা হয়েছে।

বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষ যাতে ন্যায়বিচার পায়, সে জন্য লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে মামলা পরিচালনার সুযোগ রাখা হয়েছে। এ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিচার বিভাগের কর্মকর্তা, আইনজীবী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।