• 26 Apr, 2026

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩৯৮ বোতল নিষিদ্ধ সিরাপ ও বিদেশি মদসহ আটক ২

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩৯৮ বোতল নিষিদ্ধ সিরাপ ও বিদেশি মদসহ আটক ২

নড়াইলে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯৮ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ (ফেনসিডিল গ্রুপ) এবং ৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নড়াইলকণ্ঠ :  নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইসকাফ সিরাপ ও বিদেশি মদ উদ্ধার করেছে। এ সময় দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে একটি দল সদর পৌরসভার শেখ রাসেল সেতু এলাকায় অভিযান পরিচালনা করে। এসআই রাজেশ কুমার দাস ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মাহাবুর রহমান (২৬) নামে এক যুবককে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৯৮ বোতল অবৈধ ইসকাফ সিরাপ জব্দ করা হয়। আটক মাহাবুর রহমান যশোর জেলার চৌগাছা উপজেলার স্বরুপদাহ গ্রামের বাসিন্দা এবং ইয়াসিন আলীর ছেলে।

একই দিনে ডিবি পুলিশের আরেকটি দল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের উত্তর পংকবিলা মালুপাড়া এলাকায় অভিযান চালায়। এসআই সুজিত সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে কালী মন্দিরের সামনে থেকে মানিক বিশ্বাস (৩২) নামে আরও একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, তার কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। মানিক বিশ্বাস সদর উপজেলার পংকবিলা গ্রামের সমর বিশ্বাসের ছেলে।

নড়াইল জেলা পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।