নড়াইলে “বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলার সভাপতি মলয় কান্তি নন্দী স্বাগত বক্তব্য রাখেন। তিনি প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং রমজান মাসে ক্যাবের স্বেচ্ছাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ক্রেতা-ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন ক্যাব নড়াইল জেলার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান। তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা একটি চলমান প্রক্রিয়া। সুশাসন, ব্যবসায়িক সততা এবং ভোক্তার সচেতনতার সমন্বয়ে নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব। দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে স্বাস্থ্যকর সমাজ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।
তিনি সরকারি দায়িত্বের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন ও তদারকি কার্যক্রম পরিচালনা করে। যেমন: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করে। বাজার মনিটরিং, মোবাইল কোর্ট, ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ক্যাব নড়াইল জেলা সেক্রেটারি ব্যবসায়ীদের দায়িত্বের বিষয়ে বলেন, ব্যবসায়ীদের নৈতিকতা ও সততা বজায় রাখা অত্যন্ত জরুরি। ভেজালমুক্ত ও মানসম্মত পণ্য সরবরাহ, সঠিক ওজন প্রদান, মূল্য তালিকা প্রদর্শন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা তাদের দায়িত্ব। লাভের আশায় ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি সমাজ ও মানবতার বিরুদ্ধে অপরাধ।
ভোক্তাদের করণীয় বিষয়ে তিনি বলেন, পণ্যের মেয়াদ, মোড়ক ও মানচিহ্ন যাচাই করা; অস্বাভাবিক রং বা গন্ধযুক্ত খাদ্য এড়িয়ে চলা; মূল্য তালিকা দেখে পণ্য ক্রয় করা; ভেজাল বা অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা; সচেতন ভোক্তা সমাজ গড়ে উঠলে অসাধু ব্যবসায়ীদের সুযোগ কমে যাবে।
বিষয়ের ওপর বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, প্রাণিসম্পদ দপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক শামীম হাসান, কৃষি বিপণন দপ্তরের কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সুকুমার বিশ্বাসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রমজান মাসে প্রশাসন, ক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি দপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য বিভাগ ও কৃষি বিপণন দপ্তরের সমন্বয়ে বাজার মনিটরিং জোরদার করতে হবে। আড়ৎদারদের বেচাকেনায় নজরদারি বাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়। সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে এবং ক্রেতা-ভোক্তা ও ব্যবসায়ীদের নৈতিকতা নিশ্চিত হলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং নিরাপদ খাদ্য ভোগ নিশ্চিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
এ সময় ব্যবসায়ী, ভোক্তা সাধারণ, সাংবাদিক ও ক্যাব জেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব নড়াইল জেলার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।