সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নড়াইল বিএনপি নেতা বাবু, ‘যৌক্তিক সমালোচনা স্বাগত’
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবুর সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাব সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু।
মতবিনিময় সভায় খন্দকার এজাজুল হাসান বাবু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আপনাদের দায়িত্বশীল জায়গা থেকে সংবাদ পরিবেশন করবেন। এ ক্ষেত্রে আমার কোনো ত্রুটি থাকলে সেটিও তুলে ধরবেন। এতে আমার কোনো আপত্তি থাকবে না। তবে যৌক্তিক সমালোচনাকে আমি সব সময় স্বাগত জানাব।”
তিনি আরও বলেন, নড়াইল প্রেসক্লাবের উন্নয়নের জন্য কোথায় কীভাবে কাজ করা প্রয়োজন সে বিষয়ে সাংবাদিকরা পরামর্শ দিলে তিনি তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন।
সভায় নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, কোষাধ্যক্ষ সাংবাদিক মোস্তফা কামাল, নির্বাহী সদস্য অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমিন, যুগ্ম সম্পাদক মো. ইমরান হোসেনসহ প্রেসক্লাবের সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে একটি স্বাধীন ও সহযোগিতাপূর্ণ পরিবেশ প্রয়োজন। তারা নড়াইল প্রেসক্লাবের সামগ্রিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সাংবাদিকবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতার আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের অন্যান্য সদস্য, নড়াইল জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।