নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ফ. ম. মশিউর রহমান বাবুর সভাপতিত্বে রোগী কল্যাণ সমিতি ও হাসপাতাল সমাজসেবা কার্যালয়, নড়াইলের এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রোগী কল্যাণ সমিতির তহবিল বৃদ্ধি, হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতালের সম্পদ ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য সহায়ক কর্মীর সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তদবিরের উদ্যোগসহ হাসপাতালের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ফ. ম. মশিউর রহমান বাবুর নেতৃত্বে কয়েকটি উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোগী কল্যাণ সমিতির তহবিল বাড়াতে সমাজের বিত্তশালী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদানের প্রস্তাব দেওয়ার জন্য একটি দল গঠনের সিদ্ধান্তের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট ফরমের মাধ্যমে অনুদান সংগ্রহের উদ্যোগ নেওয়ার কথা আলোচনা হয়।
এ ছাড়া সমিতির গঠনতন্ত্রে অনুদান সংগ্রহের বিধি-বিধান অন্তর্ভুক্তির বিষয়ে সম্মতি পাওয়া গেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসাসেবা খাত থেকে অনুদান পাওয়ার জন্য আবেদন করার পরিকল্পনা নেওয়া হয়।
নড়াইল জেলা হাসপাতালের সার্বিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসকের সহযোগিতায় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে হাসপাতালের বিদ্যমান দুরবস্থার বিভিন্ন চিত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিল্লাল হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা: আলিমুজ্জামান সেতু ।
সভায় পরামর্শমূলক বক্তব্য দেন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি সৈয়দ তাকিউর রহমান ও মো. শহিদুর রহমান, কোষাধ্যক্ষ মুন্সি শাহীন উল্লাহ মোহন এবং সদস্য কাজী হাফিজুর রহমান, হুমায়ুন কবির রিন্টু ও জিয়াউর রহমান জামিসহ অন্যরা।
সভাটি পরিচালনা করেন রোগী কল্যাণ সমিতি, নড়াইলের সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা (চলতি দায়িত্ব) তমা রায়। সভায় ৫০ জনের বেশি সদস্য উপস্থিত ছিলেন।