স্ট্যাফ রির্পোটার : নড়াইল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাদ্দিস হোসেন বাপ্পার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারের প্রতিবাদ এবং প্রফুল্ল বিশ্বাস ও নয়ন বিশ্বাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে নড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল জননেতা মোহাদ্দিস হোসেন বাপ্পার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। তাঁরা এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানান এবং বাপ্পার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দাবি তোলেন।
এ সময় বক্তারা প্রফুল্ল বিশ্বাস ও নয়ন বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার ও ভূমি দখলসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তাঁদের বক্তব্য, এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাদ্দিস হোসেন বাপ্পা, রবিন বিশ্বাস, রিনা বেগম, সঞ্জয় সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমিরুল ইসলাম রানা ও শাফায়েতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনের প্রতি আলটিমেটাম দেন।