নড়াইলকণ্ঠ : নড়াইলে যাত্রীবাহী যানবাহনে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে যশোর-নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের মো. গণি সরদারের ছেলে ইয়াকুব সরদার (৪০) এবং কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফছু মোল্যার ছেলে সুজন মোল্যা (৩০)। তারা দুজনই যানবাহন শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে যশোরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সামনের আসনে থাকা ইয়াকুব সরদারের ব্যাগ থেকে অ্যামফিটামিনযুক্ত ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের সময় ইয়াকুবের সহযোগী সুজন মোল্যাকেও আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকার বেশি বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে আটক দুইজনকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।