বিজ্ঞাপন

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

  • নড়াইলের ঝামারঘোপ বাজারে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
  • পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে জুয়া ও প্রতারণায় ব্যবহৃত মোবাইল ডিভাইস, বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ই-ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।
  • এ ঘটনায় লোহাগড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে।
নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
ঝামারঘোপ বাজারের ফার্মেসিতে ডিবির অভিযান, উদ্ধার মোবাইল ডিভাইস

নড়াইলকণ্ঠ : নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারের ‘মা’ ফার্মেসিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

পুলিশ সুপার জানান, ঝামারঘোপ বাজারের ‘মা’ ফার্মেসির মালিক ফরহাদ হোসেন প্রধান এজেন্ট হিসেবে সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়।

বিজ্ঞাপন

অভিযানে ফরহাদ হোসেন (২৬), সজীব হোসেন (৩০), প্রসেনজিৎ মজুমদার (৩০), জমির মোল্যা (৪৫), আলাউদ্দিন মোল্যা (২৮), লাহু মিনহাজ (২৪), নাজমুল মোল্যা (২৬), ফরিদ হোসেন (২৮) ও বিবেক বিশ্বাস (২৫)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইসে 1xBet, Melbet, Ck44.Com ও F11সহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের তথ্য এবং ই-ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় লোহাগড়া থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ২৫ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার অনলাইনে আকর্ষণীয় ও লোভনীয় বিজ্ঞাপন দেখে কেনাকাটা কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/share/v/19NKbesfKv/

বিজ্ঞাপন