নড়াইলকণ্ঠ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের ওয়েবসাইটে তাঁকে লিগ্যাল অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখভাল করবেন জাইমা রহমান। সভাপতির কার্যালয়ের বিভিন্ন নির্বাহী পদে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। এসব পদে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
কার্যালয়ে বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে আব্দুল আলিম ডেপুটি চিফ অব ক্যাবিনেটের দায়িত্ব পালন করবেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ পরিস্থিতিতে থাকা দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সভাপতিত্বে বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। এরপর যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।
এভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের দায়িত্ব গ্রহণ তাঁর আইন ও নীতি-সংক্রান্ত পেশাগত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত একটি নতুন আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে সামনে এসেছে।