নড়াইলকণ্ঠ : নড়াইলের কালিয়ায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত শেষে আওয়ামী লীগকে উদ্দেশ করে কঠোর বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, “দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে, আরও গভীর হয়েছে।” শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কালিয়ায় নিহত দুই নেতার কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মী ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
নিহত দুই নেতা হলেন কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা। গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় তাঁরা নিহত হন বলে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ।
কবর জিয়ারত শেষে বক্তব্যে রুহুল কবীর রিজভী বলেন, নড়াইলের কালিয়ায় একটি হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়েছে। বিএনপি গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের নাগরিক অধিকারের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলটি সেই লক্ষ্যেই কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।
রিজভী বলেন, দেশে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, কোনো স্ত্রী স্বামীহারা না হন কিংবা কোনো বোন ভাইহারা না হন—সেই লক্ষ্য সামনে রেখেই তারেক রহমান দেশ পরিচালনা করছেন। কিন্তু যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্ত ঝরানোর পরও সংশ্লিষ্টরা থেমে থাকেনি। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে তাদের অনুসারীদের মাধ্যমে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্যে আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম, আকরাম ও ফাইয়াজসহ আন্দোলনে নিহতদের নাম উঠে আসে।
কালিয়ায় নিহত দুই নেতার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সোহেল রানা ও শাহিনুর রহমানের মৃত্যুতে তাঁদের পরিবার গভীর শোকের মধ্যে রয়েছে। তাঁদের মা, স্ত্রী ও স্বজনদের কাছে এই মৃত্যুর জবাব কীভাবে দেওয়া হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মতোই এই হত্যাকাণ্ডের বিচারের অধিকারও কেউ কেড়ে নিতে পারবে না। নিহত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করা ব্যক্তি হিসেবে উল্লেখ করেন রিজভী।
শুক্রবার সকালে রুহুল কবীর রিজভীর সঙ্গে নিহতদের কবর জিয়ারত করেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কবর জিয়ারত শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এজাজুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়া বিরজী জজ এবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া নড়াইল, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। কবর জিয়ারতকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ নিহত দুই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দুই প্রতিমন্ত্রীর আগমন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালিয়া শহরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যার দিকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করার সময় হামলার শিকার হয় বলে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ।
তাঁদের দাবি, এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।